গোলীয় আয়না সংশ্লিষ্ট রাশি
গোলীয় আয়না সংশ্লিষ্ট রাশি
⭐ দর্পণের মেরু কী?
উঃ গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলে।
⭐ দর্পণের বক্রাতার কেন্দ্র কাকে বলে?
উঃ গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ, সেই গোলকের কেন্দ্রকে ঐ দর্পণের বক্রতার কেন্দ্র বলে।
⭐ দর্পনের বক্রতার ব্যাসার্ধ কাকে বলে?
উঃ গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যসার্ধকে ঐ দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে। সূত্রে একে r দিয়ে প্রকাশ করা হয়।

⭐ দর্পনের প্রধান অক্ষ কাকে বলে?
উঃ গোলীয় দর্পনের মেরু বক্রাতার কেন্দ্রের মধ্যদিয়ে অতিক্রমকারী সরলরেখাকে দর্পনের প্রধান অক্ষ বলে।
⭐ গৌণ অক্ষ কী?
উঃ মেরু বিন্দু ব্যতিত দর্পনের প্রতিফলক পৃষ্ঠের উপরস্থ যেকোন বিন্দু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখাকে গৌণ অক্ষ বলে।
⭐ প্রধান ফোকাস কাকে বলে?
উঃ প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় (অবতল দর্পণে) বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় (উত্তল দর্পণে) তাকে ঐ দর্পণের প্রধান ফোকাস বলে।

⭐ দর্পনের ফোকাস দূরত্ব কাকে বলে?
উঃ গোলীয় দর্পণের মেরু বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। একে f দ্বারা প্রকাশ করা হয়।
⭐ দর্পনের ফোকাস তল কাকে বলে?
উঃ গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সাথে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয় তাকে ফোকাস তল বলে।
⭐ রৈখিক বিবর্ধন কাকে বলে?
উঃ গোলীয় আয়না বা লেন্সে বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য অথবা মেরু থেকে বিম্বের দূরত্ব ও লক্ষবস্তুর দূরত্বের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে।
রৈখিক বিবর্ধন দ্বারা বোঝা যায় যে বিম্ব বস্তুর চেয়ে বড় হবে না ছোট হবে। এছাড়া এটা দিয়ে এটাও বোঝা যায় যে বিম্ব সোজা হবে না উল্টো হবে।