অরবিটালের সংকরায়ন বা হাইব্রিড অরবিটাল

অরবিটালের সংকরায়ন বা হাইব্রিড অরবিটাল

১. সঙ্করায়ন বা Hybridization কী?

সংজ্ঞা: কোনো পরমাণুর যোজনী স্তরের প্রায় সমান শক্তির ভিন্ন ভিন্ন অরবিটালগুলো যখন নিজেদের মধ্যে মিশে গিয়ে সমান সংখ্যক ও সমশক্তির নতুন অরবিটাল তৈরি করে, তখন সেই প্রক্রিয়াকে সঙ্করায়ন বা Hybridization বলে।

সহজ কথায়: Hybridization মানে হলো 'মিশ্রণ'। ধরো, তুমি একটা আলুভর্তা বানাবে। তোমার কাছে একটা বড় বেগুন আর তিনটা আলু আছে। তুমি যদি এগুলোকে আলাদা আলাদা রাখো, তবে স্বাদ আলাদা হবে। কিন্তু তুমি যদি সবগুলোকে একসাথে চটকে মাখিয়ে ফেলো, তাহলে চারটা নতুন 'ভর্তার দলা' পাবে যেগুলোর প্রতিটার স্বাদ একদম এক হবে।


২. কেন পরমাণুরা সঙ্করায়ন করে?

একই পরমাণুর ভিন্ন ভিন্ন বন্ড কেন একরকম হয় তা বোঝার জন্য এই থিওরি দরকার। এটি অণুর আকার (Geometry) আর বন্ধন (Bonding) বুঝতে সাহায্য করে। সঙ্করায়নের ফলেই অণুগুলো বেশি স্থিতিশীল হয়।

অর্বিটালগুলো মেশার বা 'সংকরণ' হওয়ার পেছনে মূল কারণ হলো সুস্থিতি (Stability) এবং ভালো বন্ড তৈরি করা। চল একটা সহজ উদাহরণ দিয়ে দেখি:

১. বন্ডের শক্তি বাড়ানো (Better Overlap)

স্বাভাবিক অর্বিটালগুলোর (যেমন শুধু s বা শুধু p) শেপ বা আকার এমন হয় যে, তারা অন্য পরমাণুর সাথে খুব মজবুতভাবে জোড়া লাগতে পারে না। কিন্তু যখন তারা মিশে গিয়ে সঙ্কর অর্বিটাল তৈরি করে, তখন তাদের একদিকের মুখটা অনেক বড় হয়ে যায়। এতে অন্য পরমাণুর সাথে এদের 'ওভারল্যাপ' বা জোড়া লাগাটা খুব শক্ত হয়। যত শক্ত জোড়া, বন্ড তত মজবুত!

২. ঝগড়া কমানো (Repulsion Minimization)

ইলেকট্রনরা কিন্তু একে অপরকে একদম সহ্য করতে পারে না (কারণ সবার চার্জ নেগেটিভ)। তাই তারা চায় একে অপরের থেকে যতটা সম্ভব দূরে থাকতে।

ধরো, কার্বনের ৪টা হাত আছে। এখন এই হাতগুলো যদি কাছাকাছি থাকে, তবে ইলেকট্রনদের মধ্যে মারামারি শুরু হবে। sp3 সংকরণের মাধ্যমে তারা নিজেদের এমনভাবে সাজিয়ে নেয় যাতে প্রত্যেকে প্রত্যেকের থেকে একদম দূরে থাকতে পারে (109.5 কোণে)। এতে পরমাণুটা অনেক শান্ত বা সুস্থিত থাকে।

৩. সমতা রক্ষা করা

কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখলে তুমি দেখবে তার বাইরের সেলে 2s আর 2p অর্বিটাল আছে। s আর p এর শক্তি কিন্তু এক নয়। এখন মিথেন (CH4) তৈরির সময় যদি তারা না মিশত, তবে ৪টা বন্ডের মধ্যে একটা হতো একরকম আর বাকি ৩টা হতো অন্যরকম। কিন্তু বাস্তবে দেখা যায় ৪টা বন্ডই হুবহু এক! এই সমতা আনার জন্যই অর্বিটালগুলো আগে নিজেদের মধ্যে মিশে 'ভর্তা' হয়ে যায়, যাতে সব বন্ড সমান শক্তির হয়।


৩. কার্বনের সঙ্করায়ন (তিনটি প্রধান ধরন)

কার্বন পরমাণু মূলত ৩ ভাবে সঙ্করায়ন করতে পারে:

ক. sp3 সঙ্করায়ন (সবগুলো সিঙ্গেল বন্ড)

এখানে ১টি s অরবিটাল আর ৩টি p অরবিটাল মিলে ৪টি নতুন হাইব্রিড অরবিটাল তৈরি করে।

খ. sp2 সঙ্করায়ন (ডাবল বন্ড থাকলে)

এখানে ১টি s অরবিটাল আর ২টি p অরবিটাল মিলে ৩টি হাইব্রিড অরবিটাল তৈরি করে। ১টি p অরবিটাল অ-সংকরিত (Unhybridized) থেকে যায়।

গ. sp সঙ্করায়ন (ট্রিপল বন্ড থাকলে)

এখানে ১টি s আর ১টি p অরবিটাল মিলে ২টি হাইব্রিড অরবিটাল তৈরি করে। ২টি p অরবিটাল অ-সংকরিত থেকে যায়।


৪. গোল্ডেন রুলস (মনে রাখার টিপস)

বন্ড দেখে সঙ্করায়ন চেনার একটা সহজ বুদ্ধি আছে:

  1. হাইব্রিড অরবিটাল সবসময় সিগমা (σ) বন্ড তৈরি করে।
  2. অ-সংকরিত (Unhybridized) অরবিটাল সবসময় পাই (π) বন্ড তৈরি করে।

Powered by Forestry.md